এইমাত্র পাওয়া

প্রধান শিক্ষক নেই মৌলভীবাজারের ২৫৭ স্কুলে

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজাঃ জেলায় ২৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ কারণে অধিকাংশ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের কার্যক্রম চালাতে হচ্ছে। এতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি সমস্যা দেখা দিয়েছে প্রশাসনিক কর্মকাণ্ডেও।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট ১ হাজার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে জেলার ৭ উপজেলার ২৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। জেলার সদর উপজেলায় ৩৩ জন, রাজনগর উপজেলায় ৩২ জন, কুলাউড়া উপজেলায় ৩৮ জন, বড়লেখা উপজেলায় ২৩ জন, কমলগঞ্জ উপজেলায় ৪৫ জন, শ্রীমঙ্গল উপজেলায় ৬৩ জন ও জুড়ী উপজেলায় ২৩ জন।

কয়েকজন শিক্ষক জানান, এ শূন্যতার কারণে বিদ্যালয়গুলোতে কর্মরত সহকারী শিক্ষকদের উপর বাড়তি চাপ পড়ছে। তাদের অতিরিক্ত পাঠদানের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রধান শিক্ষক শূন্যতার কারণে প্রশাসনিক কাজকর্মও ব্যাহত হচ্ছে।

তারা আরও জানান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে কোনো শৃঙ্খলা থাকে না। শিক্ষকরা নিজের ইচ্ছামতো চলেন। এ ছাড়া একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলে তিনি দাপ্তরিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকায় নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করাতে পারেন না। এতে করে শিক্ষক সংকট আরও প্রকট হয়।

কয়েকজন অভিভাবক জানান, শিক্ষক সংকটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করার ফলে শিক্ষকরা শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না। শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মক ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, প্রধান শিক্ষকের শূন্য সংক্রান্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন- নতুন প্রধান শিক্ষক নিয়োগের পর এ সমস্যার সমাধান হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৯/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.