শিক্ষাবার্তা ডেস্কঃ তিন বছর আগে কিডনি বিকল হয়ে মারা গেছেন বাবা। সম্প্রতি মা-বোন মারা যান বিষ পানে। একমাত্র বেঁচে রইল পাঁচ বছর বয়সী শিশু ফাতেমা। সব হারানো শিশুটির দায়িত্ব নিচ্ছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। তার নির্দেশে বুধবার ফাতেমার বাড়িতে খোঁজ নিতে যান ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান। এ সময় ফাতেমার স্বজনদের শিশুটির দায়িত্ব ময়মনসিংহের জেলা প্রশাসক নিয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।
পরে শিশু ফাতেমা ও তার নানি আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। এ সময় তিনি শিশু ফাতেমা ও নানির হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ ছাড়া প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে জেলা প্রশাসককে জানিয়েছেন তিনি।
জানা গেছে, তিন বছর আগে কিডনি বিকল হয়ে মৃত্যুবরণ করেন ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের সোবহান মিয়া (৩৮)। এর পর তাঁর স্ত্রী আমেনা খাতুন মানুষের বাড়ি ঝিঁয়ের কাজ করে দুই মেয়ে মরিয়ম ও ফাতেমাকে নিয়ে অনেক কষ্টে দিনযাপন করে আসছিলেন। এক সময় সংসারের অভাব-অনটন আমিনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। যার জেরে গত শুক্রবার রাতে নিজ ঘরের দরজা বন্ধ করে চায়ের মধ্যে বিষ মিশিয়ে পান করেন বড় মেয়েসহ আমেনা। তবে তেতো ও দুর্গন্ধের কারণে বিষ পান করেনি ফাতেমা। মা ও বোন মরিয়মকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে ভেতর থেকে দরজা খুলে দেয় সে। বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত্যু হয়।
ফাতেমার দাদা শারাফত মিয়া বলেন, ‘অল্প কিছু দিনের ব্যবধানে আমার ছেলে, ছেলের বউ ও বড় নাতিকে হারিয়ে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। জেলা প্রশাসক ফাতেমার দায়িত্ব নেওয়ায় মনে শান্তি পেলাম।’
ইউএনও মো. আক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে কিছু খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। শিশুটির ভরণপোষণের সার্বিক দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৯/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
