শিক্ষাবার্তা ডেস্কঃ চলতি শিক্ষাবর্ষে সরকারি স্কুলগুলো মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ সহোদর শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের সহোদর-সহদোরা বা যমজ ভাই–বোন এ সুবিধা পাবে। সহদোর কোটায় আবেদন করা শিক্ষার্থী বেশি হলে ভর্তি কমিটি লটারির মাধ্যমে অতিরিক্ত ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করবে। আগামী শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার বিষয়টি সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে।
রবিবার শিক্ষা মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীদের সহোদর-সহোদরা বা যমজ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সুবিধা দিয়ে সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নীতিমালা সংশোধন করেছে। গতকাল ভর্তি নীতিমালার দুটি অনুচ্ছেদ সংশোধন করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সরকারি স্কুলের ভর্তি নীতিমালার ১২ নম্বর অনুচ্ছেদের সংশোধনীতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর-সহোদরা বা যমজ ভাই–বোন যদি আগে থেকে অধ্যয়নরত থাকে, সেসব সহোদর-সহোদরা বা যমজ ভাই–বোনকে সংশ্লিষ্ট ভর্তি কমিটি আবেদন যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে এ সুবিধা কোনো দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ২০২৩ শিক্ষাবর্ষের জন্য কোনো প্রতিষ্ঠানে এন্ট্রি শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ শিক্ষার্থী সহোদর-সহোদরা বা যমজ ভাই–বোনের ভর্তির জন্য আবেদনকারীদের মধ্যে থেকে ভর্তি করাতে পারবে। তবে আবেদনসংখ্যা বেশি হলে ভর্তি কমিটি কর্তৃক লটারির মাধ্যমে ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা যেতে পারে। ২০২৪ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার বিষয়টি সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে একই নীতিমালার ১১.৫ অনুচ্ছেদের সংশোধনীতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মহানগর, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে ২ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় সে ক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে লটারি অনুষ্ঠিত হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর দপ্তর প্রধানের, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা নিজস্ব দপ্তরের প্রধান হলে সে ক্ষেত্রে তাঁর এক ধাপ উপরের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
আদেশে মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হলো। আদেশটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৫/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
