নিয়োগ অবৈধ প্রমাণিত হলেও বহাল তবিয়তে কলেজ অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার গলাচিপার বকুল বাড়িয়া ইউনিয়নে অবৈধ প্রমাণিত হওয়ার পরও বহাল তবিয়কে চাকরি করছেন কলেজ অধ্যক্ষ রেজিনা সুলতানা।

সর্বশেষ ২০২২ সালের ১৪ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস রেজিনা সুলতানার নিয়োগ বাতিলের জন্য পত্র জারি করেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চিঠির সূত্রে জানা যায়, রেজিনা সুলতানা এমপিও বিহীন বকুল বাড়িয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে চাকরিরত অবস্থায় ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যান পরিদর্শিকা পদে চাকরি করতেন। তবে দুটি কর্মস্থল থেকে বেতন নেননি।

এক্ষেত্রে অধ্যক্ষ রেজিনা সুলতানার নিয়োগ যথাযথ না হওয়ায় তার নিয়োগ বাতিল করার জন্য কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কলেজের অধ্যক্ষকে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

এর আগে দুর্নীতি দমন কমিশন বকুল বাড়িয়া কলেজের অধ্যক্ষ রেজিনা সুলতানার নিয়োগ ও এমপিও ভুক্তির বিষয়ে তদন্ত করে নিয়োগটি অবৈধ বলে সত্যতা পায়। ২০২১ সালের ১১ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দুদক নির্দেশনা দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বকুল বাড়িয়া ইউনিয়ন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ মোল্লা বলেন, আমি এ বিষয়ে এখনও কোনো চিঠি পাইনি। তবে অধ্যক্ষ আমাকে জানিয়েছেন এ ধরনের একটি চিঠি এসেছে। চিঠি হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান বলেন, আমি বিষয়টি জেনেছি, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এদিকে আসল সত্য জানার জন্য কলেজ অধ্যক্ষ রেজিনা সুলতানার মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১৫/২৩  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.