শিক্ষাবার্তা ডেস্কঃ পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ের বিভিন্ন এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘পাড়াকেন্দ্র’। নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে ১৩০০ পাড়াকেন্দ্রে দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের প্রায় ২০ হাজার শিক্ষার্থী প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে এসব কেন্দ্রে। তবে আগামী বছরের জুনে শেষ হয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত পাড়াকেন্দ্রের এ প্রকল্পটি। ফলে দুশ্চিন্তা দেখা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে।
সরেজমিন দেখা গেছে, বর্ণ চেনানো থেকে শুরু করে ছোট্ট শিশুদের শেখানো হচ্ছে আবৃত্তি। কোমলমতি শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে একেকটি পাড়াকেন্দ্র।
পাড়াকেন্দ্র সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার এবং দাতা সংস্থা ইউনিসেফের অর্থায়নে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় তিন দশক ধরে পার্বত্য এলাকায় পাড়াকেন্দ্র প্রকল্পটি পরিচালনা করে আসছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এই পাড়াকেন্দ্রের মাধ্যমে দুর্গম এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে। শুধু তাই নয়, এলাকার জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, মা ও শিশুদের জীবন রক্ষাকারী বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন পাড়াকেন্দ্রে নিয়োজিত পাড়াকর্মীরা। শিশুদের শিক্ষার মানোন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নে এসব পাড়াকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করেন অভিভাবক ও এলাকাবাসী।
তবে, জুনেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত পাড়াকেন্দ্র প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার ফলে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বান্দরবান জেলা প্রকল্প ব্যবস্থাপক আলুমং মারমা বলেন, ‘আমরা দুর্গম এলাকায় অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য এসব পাড়াকেন্দ্রে শিক্ষা দিয়ে যাচ্ছি। আগামী জুনে এসব পাড়াকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে আমরা কর্তৃপক্ষের কাছে প্রকল্পের মেয়াদ বাড়াতে চিঠি পাঠিয়েছি।’
বান্দরবানে ১৩০০টি পাড়াকেন্দ্রে প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে প্রায় ২০ হাজার শিক্ষার্থী।শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.