রাজশাহী বিভাগে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

অনলাইন ডেস্ক।।

রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শুক্রবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছর শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা হঠাৎ কমেছে।

এর আগের দিন বৃহস্পতিবার রাজশাহীতে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার এই তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। লঘুচাপের প্রভাবে কিছুটা হিমেল হাওয়া বইছে। এর ফলে দুদিন ধরে তাপমাত্রা কমছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তা মৃদু শৈত্যপ্রবাহ। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী রাজশাহীতে এখন শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

কামাল হোসেন বলেন, এখন ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে। তবে রোববার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকতে পারে। এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.