অনলাইন ডেস্ক।।
দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে অনলাইনে এ ভর্তি আবেদন নেওয়া শুরু হয়।
জানুয়ারি পর্যন্ত তিন ধাপে চলবে আবেদন গ্রহণ ও মেধাতালিকা প্রকাশ। তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যে ৩২৮ টাকা ফি দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি। এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং নন-এমপিওতে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
২০২০, ২০২১ ও ২০২২ সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বছরে পাস করা শিক্ষার্থীরাও ম্যানুয়ালি আবেদন করতে পারবে।
বিদেশি কোনো বোর্ড বা প্রতিষ্ঠা থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সনদের মান নির্ধারণের পর ভর্তির জন্য আবেদন করতে পারবে। টেলিটকের ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) গিয়ে আবেদন করতে হবে।
এ বছর সারাদেশে ২৯ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। গত ২৮ নভেম্বর এ বছরের মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
