প্রাথমিকের মূল্যায়ন নিয়ে অপপ্রচারে কান না দিতে অধিদপ্তরের নির্দেশ

অনলাইন ডেস্ক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়ন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ সোমবার অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যা ছড়ানো হচ্ছে, তা অসত্য ও অনভিপ্রেত। কথিত ওই অফিস আদেশ স্বাক্ষরবিহীন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ধরনের কোনো অফিস আদেশ জারি করেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ে এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। উপযুক্ত সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।

‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক মূল্যায়ন পদ্ধতি’ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় যে সংবাদ প্রকাশিত হচ্ছে সে ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করলে অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত মাঠ পর্যায়ে উক্ত বিষয়ে কোনো নির্দেশনা প্রদান কর হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনে করে, প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিশুদের সম্পর্কিত স্পর্শকাতর বিষয়ে এ ধরনের সংবাদ প্রকাশ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। সংবাদ প্রকাশের পূর্বে প্রতিবেদক সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আলাপ করলেই প্রকৃত তথ্য জানতে পারতেন।

মন্ত্রণালয় আশা প্রকাশ করে, আগামীতে যে কোনো সংবাদ প্রকাশের আগে প্রতিবেদক সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.