নিউজ ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের লেখাপড়ার জন্য যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা চলতি বছর রেকর্ড ছাড়িয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭ জন বাংলাদেশী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে। এটি গত শিক্ষাবর্ষের চেয়ে ২৩ দশমিক তিন শতাংশ বেশি এবং এ যাতবকালের সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া বিদেশী শিক্ষার্থী বিষয়ক বার্ষিক প্রতিবেদন ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ-২০২২’ তে এ সব তথ্য এসেছে।
ঢাকায় মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে আগের বছরের ১৪তম স্থান থেকে ১৩তম স্থানে উঠে এসেছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীদের সংখ্যা তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে তিন হাজার ৩১৪ জন শিক্ষার্থী থেকে বেড়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭ জন হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৪-১৯৭৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮০ জন।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আমরা জেনে আনন্দিত যে সময়ের সাথে আরো বেশি সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে তাদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশী শিক্ষার্থীদের সবসময় স্বাগত জানায়। বাংলাদেশী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে যুগান্তকারী গবেষণায় জড়িত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাসের জীবনকে সমৃদ্ধ করছে, যুক্তরাষ্ট্র জুড়ে তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
