ছাত্রদলের অধিকাংশ ব্যয় নির্বাহ চাঁদা তুলে -কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেছেন, কয়েক মাস আগে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার সময় সারা দেশের নেতা-কর্মীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করেছে ছাত্রদল। কেন্দ্রীয় একটি ফান্ড গঠন করে আমরা তখন দুস্থদের পাশে দাঁড়িয়েছি। আর সাংগঠনিক কর্মকান্ডের ক্ষেত্রে অধিকাংশ খরচ চাঁদা তুলে নির্বাহ করা হয়।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ ছাত্রদল নেতা বলেন, বড় আয়োজনের ক্ষেত্রে (সভা-সমাবেশ) ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা যারা বর্তমানে নিজ নিজ অঙ্গনে প্রতিষ্ঠিত তাদের কাছ থেকেও সহযোগিতা নিয়ে থাকি। আর ‘মাদার অর্গানাইজেশন’ হিসেবে বিএনপিসহ এ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের কাছ থেকেও সহযোগিতা নেওয়া হয়ে থাকে।

তিনি বলেন, ছাত্রদলের নেতা-কর্মীদের চিকিৎসাসংক্রান্ত কাজে সহযোগিতা করে থাকে ‘ড্যাব’। মামলাসহ আইনি বিষয়গুলোতে সহযোগিতা দিয়ে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা। এসব ক্ষেত্রে ছাত্রদলের আর্থিক বিষয় নিয়ে কোনো বেগ পেতে হয় না। এভাবে সম্মিলিতভাবে সবার কাছ থেকেই সহযোগিতা নিয়ে সংগঠন পরিচালনা করে জাতীয়তাবাদী ছাত্রদল।
রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, ছাত্রদল শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে সংগঠন পরিচালনা করে থাকে। তাই ছাত্রদলের নেতৃত্বে থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই বরং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হয়। ছাত্র-ছাত্রীদের মন জয় করে সংগঠন পরিচালনা করলে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.