এইমাত্র পাওয়া

অটো প্রমোশন, শর্ট সিলেবাস কম নম্বরে পরীক্ষা ক্ষতিকর -ড. ছিদ্দিকুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেছেন, শিক্ষা ক্ষেত্রে অটো প্রমোশন, শর্ট সিলেবাস, কম নম্বরে পরীক্ষা- কোনোটিই সমর্থন করি না আমি। সবগুলোই জাতির জন্য ক্ষতিকর। জনসংখ্যা জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে বড় বাধা এগুলো। গতকাল প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনার সময় যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া শহরের বিত্তবানের ছেলে-মেয়েদের পক্ষে সম্ভব। অনেকেই এ জন্য প্রাইভেট টিউটর রেখেছে। কিন্তু শহরের গরিব আর গ্রাম এলাকার অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে এ ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন। অটো প্রমোশনের ফলে একটি ক্লাসের পড়া না পড়েই পরের ক্লাসে উঠে গেছে শিক্ষার্থীরা। এখানে একটি গ্যাপ থেকে গেছে। যার প্রমাণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখেছি, শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েও খুব নগণ্য শিক্ষার্থী পাস করেছে। এ শিক্ষাবিদ বলেন, ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের বেসিক বিষয়গুলোতে (বাংলা, ইংরেজি, গণিতসহ অন্য) জোর দিতে হবে। বাড়তি ক্লাস নিয়ে এ ঘাটতি পূরণ করা যেতে পারে। মৌলিক বিষয়গুলোতে ভালো করলে অন্য বিষয়গুলোও সামাল দিতে পারবে তারা। তবে এটি শিক্ষকের বিচক্ষণতার ওপর নির্ভর করবে। শিক্ষার্থীদের ঘাটতির বিষয়গুলো বুঝে সে অনুপাতে ব্যবস্থা নিতে হবে শিক্ষককে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.