এইমাত্র পাওয়া

মোরেলগঞ্জে দাখিল মাদ্রাসা মাঠে পানি, এ্যাসেম্বলী চলছে বারান্দায়

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক ।।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নের এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা মাঠে পানি জমে থাকায় বারান্দায় শিক্ষার্থীদের এ্যাসেম্বলী করতে হচ্ছে। খেলাধূলার জন্য মাঠ ব্যবহার করতে পারছেনা শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

১৯৮৩ সালে এ প্রতিষ্ঠানটি বারইখালী খালের তীরবর্তী ভাষানদল-হোগলপাতি গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে পরিচালিত হচ্ছে এ প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে মাদ্রাসাটি ৪ তলা ভবনের জন্য সরকারিভাবে তালিকাভূক্ত হয়েছে। এ মাদ্রাসা পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ, হেফজখানা। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানও মাদ্রাসার মাঠ ব্যবহার করে আসছে। বার্ষরিক তাফসির মাহফিল হয় এ মাঠে।

কিন্তু বর্ষা মৌসুম সহ অতিরিক্ত জোয়ারের পানি, পূর্ণিমা ও অমাবস্যার তীথিতে মাঠে পানি ঢুকে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শুরু হয় শিক্ষাথীসহ এলাকাবাসীর চরম দুর্ভোগ। সেই সাথে মাদ্রাসা সংলগ্ন তেতুলবাড়িয়া-মোরেলগঞ্জগামী রাস্তাটিও ডুবে যায়। সেজন্যও শিক্ষাথী, মোটরযান ও এলাকাবাসির দুর্র্ভোগ পোহাতে হয়।
দশম শ্রেণীর ছাত্রী লামিয়া আকতার, নবম শ্রেণীর ছাত্রী তানজিলা, অষ্টম শ্রেণীর ছাত্রী নাদীয়া, সপ্তম শ্রেণীর হাবিবা আকতার জানায়, মাঠে পানি জমে থাকায় তারা খেলাধূলা করতে পারছেনা। বারান্দায় এ্যাসেম্বলী করতে হয়।

এ বিষয়ে মাদ্রাসার সুপার শেখ আব্দুল লতিফ, সহ-সুপার মেহেদী হাসান ও সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম লিপন বলেন, এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা এ মাঠটি ভরাট করা হলে জলাবদ্ধতা নিরসন হবে। ফিরে আসবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ।

এ সর্ম্পকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান বলেন, মাদ্রাসার এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহন করা হবে। #


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.