বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পাঁচ ঘণ্টা পেটানোর পর যখন শেষ রাতের দিকে হলগেটে নিয়ে আসা হয়, সেখানে আলাপচারিতায় দেখা যায় দুই শিক্ষককে। পাশে পড়ে ছিল আবরারের লাশ। আবরার হত্যায় প্রকাশিত সিসিটিভি ভিডিওতে এমন চিত্রই দেখা গেছে।
আবরারকে সঙ্গে সঙ্গে হাসপাতালে না নিয়ে যাওয়ায় দায়িত্বহীনতার অভিযোগ এনে ভিডিওটি শেয়ার করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। যেটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, হত্যাকাণ্ডর পর শের-ই বাংলা হলের প্রভোস্ট জাফর ইকবাল খান এবং ছাত্রকল্যাণের পরিচালক মিজানুর রহমানের সঙ্গে হলগেটে আলাপচারিতায় মগ্ন থাকেন খুনিরা। এ সময় তাদের সবাইকে নির্লিপ্ত মনে হয়েছে। নির্মম এ হত্যাকাণ্ডের পরও ছাত্রলীগের ঘাতক নেতাদের সঙ্গে হল গেটে রাত পার করেন প্রভোস্ট ও ছাত্রকল্যাণ পরিচালক।
ভিডিওতে দেখা গেছে, আবরারের রক্তাক্ত লাশ পাশে রেখেই খুনিরা আলাপচারিতায় মেতে উঠেন শেরে বাংলা হলের প্রভোস্ট জাফর ইকবাল খান এবং ছাত্রকল্যাণের পরিচালক মিজানুর রহমানের সঙ্গে। এ সময় আবরারকে হাসপাতালে নেয়ার কোনো উদ্যোগ তাদের মধ্যে দেখা যায়নি।
গত শনিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জেরই ধরে রবিবার রাতে শেরে-বাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে গভীর রাতে হলেই তার মৃত্যু হয়।
আবরার হত্যায় ছাত্রলীগ নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা। আর আজ বৃহস্পতিবার পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে যার রুমে আবরারকে পেটানো হয় সেই আলোচিত অমিত সাহাকে আজ সকালে রাজধানীর সবুজবাগের বাসাবো থেকে আটক করা হয়।
এ হত্যাকাণ্ড নিয়ে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দল দেখা হবে না। এমন নৃশংস কাজের জন্য অপরাধীদের শাস্তি পেতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
