২০৩০ সালের মধ্যে দেশে নিরক্ষর মানুষ থাকবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, স্বাক্ষরতার কোনো বিকল্প নেই। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে নিরক্ষর মানুষ থাকবে না। নানা কার্যক্রমের মাধ্যমে দেশে নিরক্ষর মানুষ রাখা হবে না।

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস (৮ সেপ্টেম্বর) উপলক্ষে আজ বুধবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ। বর্তমান সরকারের নানামুখী কর্মসূচির কারণে পূর্বের তুলনায় স্বাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও প্রায় ২৪ দশমিক ৪ শতাংশ মানুষ স্বাক্ষরতার বাইরে। জনগোষ্ঠীকে স্বাক্ষর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভবপর নয়।
তিনি বলেন, গত কয়েক বছরে দেশের ৬৪ জেলার নির্বাচিত ২৪৮টি উপজেলার ১৫ থেকে ৪৫ বয়সী ৪৪ লাখ ৬০ হাজার নিরক্ষরকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে মৌলিক স্বাক্ষর জ্ঞান দেওয়া হয়েছে। গত ৩০ জুন এ কার্যক্রম শেষ হয়েছে। এর বাইরে পিইডিবি-৪ প্রকল্পের আওতায় স্কুল থেকে ঝরে পড়া ও স্কুলে যায়নি এমন ৬ লাখ শিক্ষার্থীদের মৌখিক শিক্ষা দেওয়া হচ্ছে। এরপর তাদের হাতে কলমে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.