জবি ছাত্রী হলে রাত ১০ টায় প্রবেশের দাবি

নিউজ ডেস্ক।।

পুরান ঢাকার জ্যাম ও টিউশনের অসুবিধার কথা উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) “বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল” এ রাতে প্রবেশের সময় ১০টা করার দাবি জানিয়েছে হলের আবাসিক ছাত্রীরা।

ছাত্রীদের পক্ষ থেকে প্রভোস্ট বরাবর এ দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ছাত্রী মৈত্রী বাড়ৈ। এতে হলের আবাসিক ছাত্রীরা স্বাক্ষর করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে সবাই নিজেদের চলার জন্য টিউশনি বা অন্য পার্ট টাইম চাকরি করে থাকি। আর আমাদের হলের অবস্থান পুরান ঢাকায় হওয়ার আশেপাশে ব্যাপক জ্যাম থাকে। এ অবস্থায় ৯ টায় হলে প্রবেশ আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। সার্বিক সমস্যা বিবেচনা করে আমাদের হলে প্রবেশের সময় ১০ টা করলে ছাত্রীরা খুবই উপকৃত হবে বলে স্মারকলিপিতে বলা হয়েছে।

এদিকে প্রায় প্রতিদিনই ছাত্রীদের টিউশন শেষে রাতে গেইট লাগানো থাকায় হলের সামনে অপেক্ষা করতে দেখা যায়। অনেকে অনেক অনুরোধ করে পরবর্তীতে হলে প্রবেশ করে। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতেই ছাত্রীরা এ দাবি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক আবাসিক ছাত্রী জানায়, সারাদিন ক্লাস করার পর বিকেলে টিউশনি করার সময় হয়ে ওঠে না। এজন্য সন্ধ্যার পর আমরা টিউশনিতে যাই। আর পুরান ঢাকায় একটা টিউশন করিয়ে নিজের হাতখরচ ও চালানো সম্ভব হয় না। আর একাধিক টিউশন শেষে আমাদের হলে ফিরতে প্রায় ৯টা থেকে সাড়ে ৯টা বেজে যায়। এতে করে রাতে আমাদের গেইটে এসে দারোয়ান মামাদের অনেক অনুরোধ করে ঢুকতে হয়। অনেক সময় ম্যামদের সাথে কথা বলতে হয়।

আরেক ছাত্রী জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই সন্ধ্যার পর অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের ক্যাম্পাসে কোনো দিনও কনসার্ট কিংবা তেমন কোনো অনুষ্ঠান হয় না। যার ফলে আমরা ঢাবির টিএসসিতে ঘুরতে যাই। সেখান থেকে ফিরতে প্রায় রাত ৯-১০টা বেজে যায়। এমনকি বিশ্ববিদ্যালয়ের চক্রাকার বাসে আসলেও এই সময়ই লাগে। কেননা পুরান ঢাকায় অসহনীয় জ্যাম।

এ ব্যাপারে হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, হলে প্রবেশের সময়সীমা সিন্ডিকেটে পাশ হয়েছে। এখন এটি পরিবর্তন করতে হলে সিন্ডিকেটে আবার তুলতে হবে। এরপর তা পাশ হলে অনুমতি দেয়া হবে।

তিনি আরও বলেন, এখন রাত ৮টার পর প্রায় দোকানপাটসহ সবকিছুই বন্ধ হয়ে যায়। যার ফলে পুরান ঢাকার মতো এলাকায় রাতে মেয়েরা আসার সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয় তাহলে এর দায়ভার কে নিবে? আমাদের দায়িত্ব তো হলের ভেতরে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের একমাত্র আবাসিক হলে বর্তমানে ১২০০ জন ছাত্রী অবস্থান করছেন। এদের প্রায় অধিকাংশই টিউশনি ও পার্ট টাইম জব করে থাকে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে রাতে প্রবেশের শেষ সময় রাত ১০টা। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হলের গেইট রাত ১০ টায় বন্ধ করা হয়। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছাত্রীরা রাত ১০টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রাত ১০টার পূর্ব পর্যন্ত হলে ঢোকা যায়। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব হলে রাতে প্রবেশের শেষ সময় রাত ১০ টা। এদিকে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও রাত ১০ টা ৩০ পর্যন্ত হলে প্রবেশের সীমাবদ্ধতা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.