এইমাত্র পাওয়া

এনটিআরসিএ এক আবেদনেই চাকরির সুযোগ

নিউজ ডেস্ক।।

চাকরিপ্রার্থীদের দুর্ভোগ কমাতে উদ্যোগ নিচ্ছে এনটিআরসিএ। একটি মাত্র আবেদনের মাধ্যমে নিবন্ধনধারীদের চাকরির সুযোগ দেয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যদিও এটি এখনো চূড়ান্ত হয়নি।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীদের চাকরি নিশ্চিত করতে একাধিক আবেদন করতে হয়। প্রাপ্ত নম্বর অনুযায়ী একজন নিবন্ধনধারী একটি প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন। তবে কতগুলো আবেদন করলে চাকরি নিশ্চিত হবে সেটি নির্দিষ্টভাবে বলতে না পারায় প্রার্থীদের একাধিক আবেদন করতে হতো।

গত দুইটি গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারীদের অনেকেই দুই থেকে তিন হাজার আবেদন করেও চাকরি পাননি। আবেদন ফি ১০০ টাকা হলেও হাজার হাজার আবেদন করার কারণে প্রার্থীদের ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত খরচ হতো। তাই নিবন্ধনধারীরা দীর্ঘ দিন ধরে একটি আবেদনের মাধ্যমে চাকরির দাবি করে আসছিলেন।

নিবন্ধন সনদধারীদের এই দাবি আমলে নিয়েছে এনটিআরসিএ। প্রাথমিকভাবে এক আবেদনে নিবন্ধনধারীদের চাকরি দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এনটিআরসিএর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রাথমিক আলোচনা অনুযায়ী একজন নিবন্ধনধারী গণবিজ্ঞপ্তি প্রকাশের পর একটি আবেদন করবেন। এক আবেদনের মাধ্যমে তিনি ৪০টি প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন। আবেদন ফি হবে এক হাজার টাকা। আবেদনের পর প্রাপ্ত নম্বর অনুযায়ী তিনি সুপারিশপ্রাপ্ত হবেন।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, আমরা প্রার্থীদের একটি মাত্র আবেদনের মাধ্যমে চাকরি দেয়ার বিষয়ে আলোচনা করেছি। প্রাথমিক আলোচনায় বিষয়টির সাথে প্রায় সবাই একমত পোষণ করেছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

ওই কর্মকর্তা আরো জানান, বিষয়টি নিয়ে আরো আলোচনার প্রয়োজন রয়েছে। কেননা একটি আবেদনের মাধ্যমে কিভাবে ৪০টি প্রতিষ্ঠান নির্বাচন করা হবে সেটি এখনো ঠিক করা সম্ভব হয়নি। এ বিষয়ে টেলিটকের সাথে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.