প্রাইভেট কারের ভিতর পাওয়া গেলো শিক্ষক দম্পত্তির লাশ

নিহত ব্যক্তিদের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার সকালে কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে কার নিয়ে স্কুলের উদ্দেশে বের হন ওই শিক্ষক দম্পতি। কারটি জিয়াউর রহমান নিজেই চালাতেন। স্কুল শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। এর পর থেকে তাঁদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করেন। ভোররাতে মহানগরের দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় দাঁড়িয়ে থাকা তাঁদের গাড়ির ভেতর চালকের আসনে প্রধান শিক্ষক ও পাশের আসনেই স্ত্রীর নিথর দেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাঁদের প্রথমে বোর্ডবাজার এলাকার তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উত্তরার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষক দম্পতির ছেলে মো. মিরাজ জানান, গতকাল সকালে তাঁরা একসঙ্গে স্কুলের যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মা–বাবার সঙ্গে কথা হয় তাঁর। এর পর থেকেই তাঁরা নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দলাল চৌধুরী জানান, তাঁদের লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.