মোহাম্মদ আলী মিয়া হলেন সিআইডি প্রধান

অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ আলী মিয়া এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে ট্যুরিস্ট পুলিশে কর্মরত আছেন।

গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী এই মেধাবী কর্মকর্তা বিসিএস পুলিশ ১৫তম ব্যাচের সদস্য।

মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

সিআইডি সূত্রে জানা যায়, সিআইডি প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান ৩০ জুলাই অবসরোত্তর ছুটিতে যান। গত বছরের ৩১ জুলাই অবসরের বয়সসীমা শেষ হওয়ার সরকার তাকে এক বছরের জন্য আবার নিয়োগ দেয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.