অনলাইন ডেস্ক।।
সরকারি বাসভবন গণভবনে ঈদ কাটাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলও থাকছেন মায়ের সঙ্গে। মহামারি করোনার কারণে গত পাঁচটি ঈদের মতো এবারও ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনও আনুষ্ঠানিক কর্মসূচি থাকছে না। হচ্ছে না কোনও শুভেচ্ছা বিনিময়। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মোবাইল গ্রাহকদের অডিও কলের মাধ্যমে ইতোমধ্যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ঈদুল আযহা উপলক্ষে শনিবার এক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে তিনি করোনা সংক্রমণের এই সময়কালে সকলকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করার আহ্বান ও সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
গণভবন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সম্ভাবনা রয়েছে।
নেতারা কে কোথায় ঈদ করছেনঃ
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের মধ্যে কেউ কেউ নিজ নির্বাচনি এলাকা কেউ ঢাকায় ঈদ উদযাপন করছেন। কেউ কেউ আবার ঈদের একবেলা ঢাকায় কাটিয়ে বিকালে নির্বাচনি এলাকায় যাবেন। বিপরীতে কেউ ঈদের নামাজ এলাকায় আদায় ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সন্ধ্যায় ঢাকা ফিরবেন। অবশ্য ঢাকায় যারা ঈদ উদযাপন করবেন তাদের বেশিরভাগই নির্বাচনি এলাকা ঘুরে এসেছেন অথবা ঈদের পর নির্বাচনি এলাকায় যাবেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বরাবরের মতো রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদুল আযহা উদযাপন করছেন। উপদেষ্টা পরিষদের সদস্য প্রবীণ রাজনীতিক তোফায়েল সব সময় এলাকায় ঈদ করলেও করোনার সময়কালের ঈদগুলোতে ঢাকার বাসায় অবস্থান করেছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি এবার চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঈদ করবেন ঢাকায়। বরাবরের মত ঈদের আগে নির্বাচনি এলাকা শেরপুর ঘুরে এসে এখন ঢাকায় অবস্থান করছেন সভাপতিমণ্ডলির সদস্য বেগম মতিয়া চৌধুরী। একইভাবে গোপালগঞ্জ থেকে ঘুরে এসে সভাপতিমণ্ডলির সদস্য মুহাম্মদ ফারুক খান। তিনি পরিবার পরিজনের সঙ্গে ঢাকায় ঈদ উদযাপন করবেন। ঢাকায় থাকলেও ভার্চুয়ালি এলাকার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। অন্যসময়ের মত এবারও ঈদে ঢাকায় থাকছেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও জাহাঙ্গীর কবির নানক। নিজ জেলা বরিশাল হলেও নির্বাচনি এলাকা ঢাকায় হওয়ার কারণে নানকের অবশ্য ঈদ পার্বণে খুব একটা বরিশাল যাওয়ার প্রয়োজন পড়ে না।
সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক নিজ জেলা টাঙ্গাইলে, ফরিদপুরে আবদুর রহমান এবং মাদারীপুরে ঈদ উদযাপন করবেন সদস্য শাজাহান খান।
দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ জেলা কুষ্টিয়ায় গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এবার হানিফ পদ্মা সেতু পার হয়ে ফরিদপুর হয়ে কুষ্টিয়া গেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুরে ঈদ করবেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জামালপুর, আফজাল হোসেন পটুয়াখালী এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান চট্টগ্রামে, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন ঢাকায় কাটিয়ে পরদিন নিজ জেলা জয়পুরহাট যাবেন সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
