নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করতে রায় দিয়েছেন হাইকোর্ট। এনটিআরসির চেয়ারম্যান ও শিক্ষাসচিবকে দ্রুত সময়ের মধ্যে এ রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।
উত্তীর্ণদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দিতে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে আদেশে।
এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ ও আইনজীবী ফারুক হোসেন।
উল্লেখ্য, গত বছর জাকির হোসেন নামে এক নিবন্ধনধারীসহ ৪৮৩ জন হাই কোর্টে রিটটি করেন। চতুর্দশ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ওই প্রার্থীদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না-তা জানতে চেয়ে এরপর রুল দেয় আদালত। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দিল হাই কোর্ট।
রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), এনটিআরসিএর চেয়ারম্যানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদন থেকে জানা যায়, এনটিআরসিএর ১৩তম নিবন্ধনে উত্তীর্ণ হন ১৭ হাজার ২৫৪ জন চাকরিপ্রার্থী। তাদের মধ্যে ২ হাজার ২০৭ জনকে নিয়োগ দিতে আপিল বিভাগের আদেশ বাস্তবায়ন করে এনটিআরসিএ। সেই রায়ের আলোকে নিয়োগ পেতে সারাদেশের ১৪তম নিবন্ধনধারী একটিতে ১৮০ জন ও অপরটিতে ২০২ জন এবং ২০১জন প্রার্থী আরও একটি রিট আবেদনটি দায়ের করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন। ওই রিটে ও রুলের বিষয়ে চূড়ান্ত শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
