বিশ্বব্যাপী প্রায় ১০ কোটি শিক্ষক সংকট, বাংলাদেশে মাধ্যমিকে সংকট কমছে

আজ বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর তারিখ বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। বিশ্বের ১০০টির বেশি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে।

ইউনেস্কো বলছে, বিশ্বে বর্তমানে ২৬ কোটি ৪০ লাখ শিশু বিদ্যালয়ের শিক্ষা থেকে বঞ্চিত। ২০৩০ সালের মধ্যে সর্বজনীন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে বিশ্বব্যাপী প্রায় ১০ কোটি নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন। মেয়েশিশু, প্রতিবন্ধী, শরণার্থী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই শিক্ষার্থী ও শিক্ষকের ব্যবধান অনেক বেশি

বাংলাদেশে প্রায় ২ হাজার সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। ফলে এসব স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সারা দেশে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৩৪৩টি। এসব বিদ্যালয়ে শিক্ষকের সৃষ্টপদ রয়েছে মোট ১০ হাজার ৫৬৩টি। কিন্তু স্কুলগুলোতে কর্মরত রয়েছেন মাত্র ৮ হাজার ৫৬৪ জন শিক্ষক। বাকি ১ হাজার ৯৯৯ জন শিক্ষকের পদই শূন্য রয়েছে। অনেক স্কুলে শিক্ষক স্বল্পতা থাকলেও ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা, কুমিল্লা শিক্ষাবোর্ডে শিক্ষকের স্বল্পতা খুব কম। জেলা সদরগুলোতেও শিক্ষকের স্বল্পতা কম।

মাউশি’র পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান বাংলাদেশ বলেন,‘এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক স্কুলের যারা অবসরে যাবেন- তাদের হিসাব করে শূন্যপদের তালিকা করে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এখানে প্রায় ২ লাখ ২৫ হাজার আবেদনপত্র জমা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের পরীক্ষা হয়েছে। শিগগিরই নিয়োগ পাবেন এসব শিক্ষকরা।’

গতবছর থেকে মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষকের শতভাগ শূন্য পদে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। মূলত শিক্ষকদের এই পদটি দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা হওয়ায় নিয়োগের দায়িত্ব বর্তায় পিএসসির ওপর। প্রধানমন্ত্রী ২০১২ সালের ১৫ মে সরকারি হাইস্কুলের শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা ঘোষণা করেন। দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদায় উন্নীত হওয়ায় শিক্ষক নিয়োগের ক্ষমতা মাউশি থেকে সরকারি পিএসসির হাতে চলে যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.