নিজস্ব প্রতিবেদক।।
মহানবী হজরত মোহাম্মদ সা:-এর প্রতি অবমাননাকর মন্তব্য করার ২০ দিন পর এর সতর্ক নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অভিযুক্ত দু’জনকে দল থেকে বহিষ্কার করায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রশংসা করেছে হোয়াইট হাউজ। মুসলিম দেশগুলোর পর যুক্তরাষ্ট্র নূপুরের বিরোধিতা করায় ভারতের ওপর আরো চাপ বাড়ল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ভারতের দুই বিজেপি কর্মী যে মন্তব্য করেছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। তবে এটা দেখে আমরা সন্তুষ্ট যে, দলটি প্রকাশ্যে এ ধরনের মন্তব্যকে ধিক্কার জানিয়েছে এবং অভিযুক্তদের বহিষ্কার করেছে। হিন্দুস্থান টাইমস।
ধর্মীয় অধিকার নিয়ে মার্কিন মুখপাত্র আরো বলেন, আমরা সবসময় ভারত সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে ধর্মীয় স্বাধীনতা, বিশ্বাস ইত্যাদির মতো মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এই মানবাধিকার সুরক্ষার্থে ভারতের নেয়া পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি।
গত ২৬ মে একটি টেলিভিশন চ্যানেলে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মহানবী সা: সম্পর্কে বিদ্বেষপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। পরে তার সেই মন্তব্যের সমর্থনে টুইট করেন দলের আরেক মুখপাত্র নবীন জিন্দাল। বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। এছাড়া নবীর অবমাননার তীব্র সমালোচনা করে মুসলিম দেশগুলো। চাপ ক্রমাগত বাড়তে থাকলে একপর্যায়ে নূপুর শর্মা ও নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি। দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও এ বিষয়ে পুরোপুরি নীরবতা বজায় রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতে সংখ্যালঘুদের অধিকার তথা মানবাধিকার নিয়ে ইতঃপূর্বে সরব হয়েছে যুক্তরাষ্ট্র। জুনেই যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের আন্তর্জাতিক বিষয়ে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি রিপোর্টে ভারতে সংখ্যলঘু ধর্মীয় গোষ্ঠীর অধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করা হয়। সেই রিপোর্টকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ভারতকে লক্ষ্য করে বক্তব্য দেন। তিনি বলেন, ভারতের ধর্মীয় স্থানগুলো আক্রান্ত হচ্ছে। এ ধরনের হামলার পরিমাণ দিন দিন বাড়ছে। ভারতীয় কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে এসব হামলা থেকে মুখ ফিরিয়ে থাকেন বলেও উল্লেখ করেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
