শাবির ক্যাম্পাস বন্যায় প্লাবিত, এক সপ্তাহ বন্ধ ঘোষণা

টানা ভারি বর্ষণে সিলেটে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্লাবিত হওয়ায় আগামী এক সপ্তাহের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর প্রেক্ষিতে আপাতত ২৫ জুন পর্যন্ত বন্ধ বন্যা পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও ছুটি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার সকাল ১০টা জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, খাবার পানি, বিদ্যুৎ ও হলে সার্বিক সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষার্থীদের হল ছাড়ার অনুরোধ করছি। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপদ দূরত্বে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রী হলগুলোতেও প্রবেশ করেছে পানি। ডুবে গেছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের প্রধান সড়কগুলোও। টানা বর্ষণে আরও বাড়ছে পানি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ রাখা হয়েছে হলের বিদ্যুৎ সংযোগও।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.