এইমাত্র পাওয়া

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।।

মহানবী হজরত মোহাম্মদ সা:কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর বক্তব্যে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। চরম ক্ষোভ জানিয়েছেন মুসলিমরা। সারা দেশের ন্যায় কটূক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সিলেট।

গতকাল দিনভর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীতে জামায়াতে ইসলামী, দুপুরে কাজির বাজার মাদরাসা, বিকেলে সিলেটের সচেতন আলেম সমাজ, ছাত্র জমিয়ত বাংলাদেশ, আনজুমানে তালামিয়ে আল-ইসলাহ, জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে উঠে সিলেটের রাজপথ।

একই দাবিতে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মুসল্লিরা বিক্ষোভে ফেটে পড়েন। আসরের নামাজের পরপরই কোর্ট পয়েন্টে সিলেটের সচেতন আলেম সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে সিলেটের আলেম-ওলামাসহ শত শত নবীপ্রেমী জনতা অংশগ্রহণ করেন। আসরের নামাজ শেষে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মজসিদের সামনে থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিক্ষোভ মিছিল বের করে।

পরে সেটি সিলেটের সচেতন আলেম সমাজের মানববন্ধনে এসে একাত্মতা পোষণ করে এবং কোর্ট পয়েন্টে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর সোবহানীঘাটস্থ হাজি নওয়াব আলী জামে মসজিদের সামনে থেকে বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের নওয়াব আলী জামে মসজিদের সামনে এসে শেষ হয় এবং সেখানে সভা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মিছিলে জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার ছাত্রশিক্ষক ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসার নেতৃত্বে মিছিলটি মাদরাসার ফটক থেকে শুরু করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হন।

জামেয়ার শিক্ষক মাওলানা ফাহাদ আমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা আব্দুর রাহমান ইউসুফ, মাওলানা আব্দুল খালিক, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তারেক বিন হাবীব, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা মনসুর আহমদ প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.