নিজস্ব প্রতিবেদক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। অন্য দিকে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা শুরু হবে আগামী ১২ জুন রোববার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। গতকাল বুধবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রমতে, প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগে তিন ধাপে পরীক্ষা নেয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেয়ার পর আগামী জুলাইয়ের মধ্যে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি।
এর আগে প্রাথমিকের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা গত ২০ মে ২৯টি জেলায় অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল চার লাখ ৬৬ হাজার ১০০ জন। দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের সাত জেলার সব কয়টিতে এবং ২২ জেলার আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার লাখ ৬৬ হাজার প্রার্থী এ পরীক্ষায় অংশ নেন। আর তৃতীয় ও শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জুন। এ ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চার লাখ ৪৬ হাজার ৫৯৮ জন।
প্রাথমিকের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪০ হাজার ৮৬২ জন। প্রথম ধাপের পরীক্ষার ২০ দিনের মাথায় এ ফল প্রকাশ করা হয়েছিল। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (১২ জুন) প্রথমধাপে উত্তীর্ণদের পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার সময়ও বাড়ানো হয়েছে। আগামী শনিবার (১১ জুন) পর্যন্ত কাগজপত্র জমা দেয়া যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
