স্কুলছাত্রকে মারধর ফেসবুক লাইভে এসে

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে ফেসবুক লাইভে এসে মারধর করেছেন ওই এলাকার কয়েকজন যুবক। মুহুর্তেই মারধরের ওই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয় লোকজন নির্যাতনের শিকার ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে ওই বিদ্যালয়ের পেছনে একটি মাদরাসায় ডেকে নিয়ে গিয়ে তাকে মারধর করেন সিফাত ও জয় নামে দুই যুবক। সেই মারধরের দৃশ্য ফেসবুকে লাইভ করেন মাহবুবুর নামে অপর এক যুবক।

হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র বলেন, কয়েকদিন আগে বিদ্যালয়ে হামলা করে শিক্ষার্থীদের মারধর করেন সিফাত ও জয়সহ কয়েকজন যুবক। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা নিয়ে বিদ্যালয়ে বৈঠকে বসেন সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। ওই বৈঠকে আমিসহ কয়েকজন বন্ধু হামলাকারীদের নাম বলি। বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পর আমাকে পাশের মাদরাসায় ডেকে নিয়ে যায়। এরপর সিফাত ও জয় আমাকে লাঠি দিয়ে মারধর করেন এবং সিফাতের ফেসবুক আইডি থেকে মাহবুবুর নামে এক যুবক সেই দৃশ্য লাইভ করেন। পরে স্থানীয় লোকজন লাইভটি দেখে ছুটে এসে আমাকে উদ্ধার করেন। সিফাতের বাবা হোসায়নুর রহমান হিরু ও জয়ের বাবা দুলুর পরিকল্পনায় আমাকে মারধর করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, ভিডিওটি দেখেছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.