আবুল হোসেন বাবলু।।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ জুন) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এতে ১ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার বেলা ১১টা থেকে শুরু করে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩০ হাজার ৬৯৫ জন। সে হিসেবে আসন প্রতি লড়বেন প্রায় ৩৩ জন ভর্তিচ্ছু।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে কিনা সেটি তদারকি করতে পরীক্ষা শুরুর পরপরই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে ভর্তি পরীক্ষা দিতে আসা একজন পরীক্ষার্থী পরীক্ষার শেষে অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সে করে রেখে আসা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসিবুর রশীদ স্যারের সার্বিক নির্দেশনায় ঢাবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজকে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কঠোর নিরাপত্তার মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করি সামনের পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সেই সাথে পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ভ্রাম্যমান সবাই যথেষ্ট তৎপর। কেউ অসুদাপায় অবলম্বন করার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
