এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রী পেঁয়াজ খাওয়া বন্ধ করেছেন!

শিক্ষাবার্তা ডেস্কঃ

ভারতের রপ্তানি বন্ধের পর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম দ্রুতই বেড়ে যায়। এতে সমস্যায় পড়ে যান বাংলাদেশের মানুষ। ফলে রপ্তানি বন্ধের মত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত যেন প্রতিবেশীদের আগে থেকে জানিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেয়, সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার নয়াদিল্লির আইটিসি মাইয়্যুরা হোটেলে বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

বক্তব্যের এক পর্যায়ে রসিকতা করে হেসে হেসে প্রধানমন্ত্রী হিন্দি ভাষায় বলেন, ‘পেঁয়াজ মে থোড়া দিক্কত হো গ্যায়া হামারে লিয়ে। মুঝে মালুম নেহি, কিউ আপনে পেঁয়াজ বন্ধ কর দিয়া! ম্যায়নে কুক কো বোল দিয়া, আব সে খানা মে পেঁয়াজ বন্ধ কারদো। (পেঁয়াজ নিয়ে আমাদের সামান্য সমস্যা হয়ে গেলো। আমি জানি না, কেন আপনারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন! আমি আমার রাঁধুনিদের বলে দিয়েছি, এখন থেকে আমার রান্নায় পেঁয়াজ বন্ধ করে দাও।)

অনুষ্ঠানে উপস্থিত দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীর এই বক্তৃতায় সাড়া দেন।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির উন্নয়নশীল দেশ।’ স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে যে সহযোগিতা করেছে সে কথাও বলেন শেখ হাসিনা।

উল্লেখ্য, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে তা বিক্রি হতে থাকে ১০০ টাকা থেকে ১১০ টাকায়। সরকার টিসিবির মাধ্যমে ৪৫ টাকা প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করলেও কমেনি দাম।

ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত কয়েক দিন আগের থেকে অবশ্য কিছুটা কম। তবে কোনা কোন জায়গায় খুচরা দোকানে পেঁয়াজ বেশি দামেই বিক্রি হতে দেখা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.