কৃষ্ণচূড়া ফুলে ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির মহাসড়কের পাশে রঙিন কৃষ্ণচূড়া ফুল যেন পথিকদের ঈদ শুভেচ্ছা জানাচ্ছে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আনন্দের আরেকমাত্রা যোগ করে প্রশান্তির এক পরশ বুলিয়ে দিচ্ছে নয়নাভিরাম আগুনরাঙা কৃষ্ণচূড়া ফুল। দক্ষিণাঞ্চলের মহাসড়কগুলোতে পথিকের দৃষ্টি আকর্ষণ করছে সারি সারি গাছে ফুটে থাকা লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুল।
ঝালকাঠির মহাসড়ক দিয়ে যাওয়ার পথে যেকোনো বাসযাত্রী ও পথচারীদের হৃদয় কাড়ে নয়নজুড়ানো এসব কৃষ্ণচূড়া ফুল। প্রকৃতির এই অপরূপ সাজ রঙিন করে তুলেছে মহাসড়কের দুই পাশ। সারিবদ্ধ দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছ। এমন মনোমুগ্ধকর প্রকৃতির চিত্র যেন একটু প্রশান্তি এনে দিচ্ছে নারী, পুরুষ, শিশুসহ সব শ্রেণি-পেশার মানুষের মনে। গ্রীষ্মের তাপপ্রবাহে যখন ঈদে মানুষ হাপিয়ে উঠছে, ঠিক সে সময় কৃষ্ণচূড়া প্রশান্ত করছে পথিকের হৃদয়।

মঙ্গলবার বিকেলে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি থেকে রাজাপুর অংশের বিভিন্ন জায়গায় দেখা মেলে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়ার। বিকেলের নরম রোদে আয়েশি ভঙ্গিতে দখিনা বাতাসে দোল খাচ্ছে কৃষ্ণচূড়া।

ঢাকা থেকে ঝালকাঠির রাজাপুরে আসা আসিফ সাইদুর রহমান বলেন, প্রচণ্ড গরমের মধ‌্যেও পথের ক্লান্তি ভুলিয়ে দেয় কৃষ্ণচূড়া। মহাসড়কগুলোতে এখন কৃষ্ণচূড়ার কারণে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। যা দেখতে অনেক সুন্দর লাগছে। গাড়িতে চলতে চলতে এক ধরনের ভালোলাগায় মন যেন হারিয়ে যায়।

রাজাপুরের বাঘরি বাঁশতলা গ্রামের বাসিন্দা মো. জাহিদুল ইসলাম বলেন, জেলা ও উপজেলা শহর থেকেও অনেক মানুষ ছুটে আসেন কৃষ্ণচূড়া ফুলের ছবি তুলতে। ফুলের কারণেই অনেক পথযাত্রী গাড়ি থামিয়ে ছবি তোলেন, ভিডিও করেন। দূর-দূরান্তের অনেক যাত্রী ভ্রমণের ক্লান্তি দূর করতে মহাসড়কের পাশে তাঁদের ব‌্যক্তিগত গাড়ি থামিয়ে খানিকটা সময় কাটান। এবারও ঘরমুখো মানুষ একইভাবে মহাসড়কে কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.