জিপিএ-৫ আড়াই লাখ, পরীক্ষার সুযোগ পাবে ৩৫ হাজার

নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাসের কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা না নিয়েই ফল প্রকাশ করা হয়। এতে জিপিএ-৫ প্রাপ্তিতে রেকর্ডের সৃষ্টি হয়। ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র ৩টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার জিপিএ-৫ পাওয়ার গতবারের রেকর্ডও ভেঙে যায়। দুই পরীক্ষা মিলে বিজ্ঞানের প্রায় আড়াই লাখ শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন মাত্র ৩৫ হাজার শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১১ লাখ ৪৫ হাজার ৩২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৬১৪ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২৩ হাজার ৬২০ জন। ২০২১ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন।

এদের মধ্যে শতকরা ৮০ ভাগই বিজ্ঞানের শিক্ষার্থী। আর দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন ৩৫ হাজার। যদিও প্রাথমিকভাবে সবাইকে আবেদনের সুযোগ দেওয়া হয়। তবে বাছাই করা হয় জিপিএর মাধ্যমেই। ফলে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষার সুযোগ মেলে না। এই অবস্থায় কৃষি গুচ্ছে সিলেকশন বাতিল অথবা পরীক্ষার্থীর সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন ভর্তিচ্ছুরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.