নিউজ ডেস্ক।।
ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন জো রুট। লাল বলের খেলায় ইংল্যান্ডের হয়ে আর নেতৃত্ব দিতে দেখা যাবে না তাকে। সাদা পোশাকে নেতৃত্বের পাঁচ বছরের অধ্যায়ের ইতি টানলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। আজ শুক্রবার এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে বিষয়টি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে ৪-০ তে হার এবং ওয়েস্ট ইন্ডিজেও পরাজয়, সব মিলিয়ে লাল বলের ক্রিকেটে সুবিধা করতে পারছিল না ইংল্যান্ড। বিশেষ করে গত ১৪ মাস দলের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। যে কারণে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন রুট।
রুট পাঁচ বছর দলটির অধিনায়ক ছিলেন। তার অধীনে ইংল্যান্ড খেলেছে ৬৪ টেস্ট। তার চেয়ে বেশি টেস্টে দলটিকে নেতৃত্ব দেননি আর কোনো ইংলিশ অধিনায়ক। রুটের অধীনে ইংল্যান্ড জয় পেয়েছে ২৭ ম্যাচে, হেরেছে ২৬ ম্যাচে। জয় আর হারের সংখ্যাতেও অধিনায়ক রুট অনন্য।
রুটের ওপর চাপ আসতে থাকে গেল বছর ইংল্যান্ডের পারফর্ম্যান্সের কারণে। শেষ দেড় বছরে ১৭ টেস্ট খেলে দলটি জিতেছে মোটে ১টি টেস্টে। সেই চাপে রুট এবার নিজেই সরে গেলেন নেতৃত্ব থেকে।
বিবৃতিতে রুট বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর আমি বিষয়টা নিয়ে চিন্তা করার সময় পেয়েছি। তারপরই আমি ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার মতে, আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল এটিই। আমার কাছের মানুষদের সঙ্গে আলোচনা করার পরই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’
অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। তবে তিনি জানিয়েছেন ক্রিকেট ছাড়ছেন না সহসাই। তার বিদায়ের পর কাকে অধিনায়ক করবে ইংল্যান্ড, তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। চোটের সঙ্গে যুঝতে থাকা বেন স্টোকস, জস বাটলাররা আছেন এই তালিকায়। তাদের মধ্যে কাকে অধিনায়ক করবে ইংলিশরা, তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
