নিজস্ব প্রতিবেদক।।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুর্গাপুর দাখিল মাদরাসার সুপার মো. আসলাম উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে ছাড়পত্র বা টিসির জন্য অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ- প্রতিটি টিসি বা ছাড়পত্রের জন্য ১৫০০ টাকা করে নেন তিনি।
ভুক্তভোগী অভিভাবক আমিরুল ইসলাম ও রবিন হোসেন জানান, ছাত্রছাত্রীরা মাদরাসায় ছাড়পত্র নিতে গেলে তাদের কাছে ১৫০০ টাকা করে চাওয়া হয়। বিষয়টি ছাত্রছাত্রীরা অভিভাবকদের জানালে তারা মাদরাসার সুপারের সঙ্গে কথা বলেন। তখন অভিভাবকদের কাছেও টাকা দাবি করেন মো. আসলাম উদ্দিন। এমনকি তাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন।
অভিভাবকরা জানান, অন্যান্য মাদরাসায় টিসি বা ছাড়পত্রের জন্য ৩০০-৫০০ টাকা নেয়। কিন্তু দুর্গাপুর দাখিল মাদরাসার সুপার নিয়ম বহির্ভূতভাবে ৩-৫ গুণ বেশি টাকা দাবি করছেন।
অভিযুক্ত মাদরাসা সুপার মো. আসলাম উদ্দিন জানান, এ মাদরাসায় ছাত্রছাত্রীরা বিনাবেতনে পড়াশোনা করে। যেহেতু মাদরাসা ছেড়ে চলে যাচ্ছে, এ কারণে তাদের সমস্ত দেনা-পাওনা পরিশোধের জন্য তিন বছরের সেশন চার্জ বাবদ ১৫০০ টাকা দাবি করা হয়েছে।
কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ জানান, যেহেতু ঐ মাদরাসায় শিক্ষার্থীরা বিনাবেতনে পড়াশোনা করে। সেহেতু তাদের ছাড়পত্র বা টিসি দেওয়ার সময় টাকা দাবি করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
