জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এডভাইজার পদে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত কীটতত্ত্ববিদ ও মশা গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার। শনিবার (৯ এপ্রিল) অধ্যাপক কবিরুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১ এপ্রিল কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তাকাশি ওয়াডা স্বাক্ষরিত এক নিয়োগপত্রে দুই বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। পহেলা এপ্রিল ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
নিয়োগ পাওয়ার বিষয়ে অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি যে, কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের মত একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় আমাকে যোগ্য মনে করে নিয়োগ দিয়েছে। এটা আমার বিশ্ববিদ্যালয় এবং আমার জন্য অত্যন্ত সম্মানজনক।’
তিনি আরও বলেন, ‘এ নিয়োগের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও ডক্টরাল পর্যায়ে গবেষকদের গবেষণা কার্যক্রমে সহায়তা, বাংলাদেশ এবং কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময়, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রমে সহায়তা করতে পারবো।’
নিয়োগপ্রাপ্ত পদের কার্যক্রম সম্পর্কে ড. কবিরুল বাশার আরো জানান, ‘বাংলাদেশ থেকে যে ছাত্রগুলো যাবে, তাদের সার্কুলার পৌছে দেয়া এ দায়িত্বের মধ্যে পড়বে। বাংলাদেশ থেকে যারা আবেদন করবে তাদের আবেদনপত্রের মূল্যায়ন করার কমিটিতে আমি থাকব৷ এখানে মূল্যায়ন কমিটিতে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের একটা কমিটি কাজ করবে, সেই সাথে বাংলাদেশ থেকে আমরা কাজ করব। আবার যদি কানাজাওয়া থেকে কোন ছাত্র বা শিক্ষক এদেশে গবেষণার কাজে আসেন তাদের সহযোগিতা করাও এ দায়িত্বের অন্তর্ভুক্ত হবে।’ প্রতি বছর শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ৫জন ছাত্র কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পাবে।
উল্লেখ্য, অধ্যাপক ড. কবিরুল বাশার কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকেই ম্যালেরিয়া বাহক মশা নিয়ে গবেষণা করে ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি এর আগে ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের একমাত্র মশা গবেষক। তিনি বিশ্ব স্বাস্থ্য, গ্লোবাল ফান্ড সহ দেশী-বিদেশি বিভিন্ন সংস্থায় মশা ও মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা নিয়ন্ত্রণে পরামর্শক হিসেবে কাজ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
