শিক্ষক হৃদয় মণ্ডলের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

মুন্সীগঞ্জের স্কুলশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্যের অভিযোগ এবং তার কারাগারে যাওয়ার ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ওই শিক্ষকের ওপর কেন শিক্ষার্থীরা অসন্তুষ্ট হল তা তদন্ত করে দেখা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদরদপ্তরে সংস্থাটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকার কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষকের প্রতি যেন কোনো অন্যায় না হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য, যা প্রয়োজন, সে ব্যবস্থা করা হয়েছে। তদন্তের পর বলা যাবে কী ঘটেছিল। যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে। শিক্ষক হৃদয় মণ্ডলের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি অহেতু ক্ষতিগ্রস্ত হবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে। বর্তমানে ৪৫৬টি ফায়ার স্টেশন আছে। খুব দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ৪০টি ফায়ার স্টেশন উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ফায়ার সার্ভিসকে আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে। এই বাহিনীকে আগামীতে আরও সুদক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষিত ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।

গত ২০ মার্চ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হৃদয় মণ্ডল দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান পড়ানোর সময় প্রসঙ্গক্রমে ধর্ম নিয়ে কথা বলেন। তখন ক্লাসের কয়েক শিক্ষার্থী সেই বক্তব্য রেকর্ড করে। পরে তার বিরদ্ধে ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলার অভিযোগ তুলে বিক্ষোভ হয়। এরপর তাকে হেফাজতে নেয় মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। ঘটনার দুদিন পর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.