কেনো তাঁরা বরিশাল যাচ্ছেন?

নিজস্ব প্রতিনিধি।।

দেশীয় শোবিজের জনপ্রিয় ৬ জন তারকা আগামী শুক্রবার (৮ এপ্রিল) দেশের দক্ষিণাঞ্চলের প্রধান জেলা ও বিভাগীয় শহর বরিশালে যাচ্ছেন। তারা হলেন-সংগীতশিল্পী সামিনা চৌধুরী, অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ইমন, নিরব এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এদিন দুপুর ২টা ৩০ মিনিটে ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ বরিশাল শাখা’ উদ্বোধন করবেন শোবিজের এই তারকারা। বিমানে করে এদিক সকালে সেখানে উড়ে যাবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা।

তিনি জানান, ওইদিন বরিশালে হাজির থেকে বিশ্বরঙের নতুন এই শাখা উদ্বোধন করবেন জনপ্রিয় এই তারকারা। এটি হবে বিশ্বরঙের ১৯তম আউটলেট।

বিপ্লব সাহা বলেন, ‘বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম ‘বিশ্বরঙ’। সুদীর্ঘ ২৭ বছরের পথচলায় ‘বিশ্বরঙ’ এ দেশের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র্য, বিভিন্ন উৎসব পার্বণ উদযাপনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ক্রেতা সাধারণের ভালোবাসায়, ফ্যাশনপ্রেমীদের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে আমরা এবার এসেছি বরিশালে।’

উল্লেখ্য, বরিশালে বিশ্বরঙের শাখাটি হচ্ছে শহরের নতুন বাজার রোডে অবস্থিত উত্তর বগুড়া রোডের ৯৬৮ নম্বর বাড়িতে। সেখানেই জড়ো হয়ে আলো ছড়াবেন দেশীয় শোবিজের জনপ্রিয় ছয় তারকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.