এসএসসির ফরম পূরণ ১৩ এপ্রিল থেকে শুরু

নিউজ ডেস্ক।।
চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ এপ্রিল মাসে শুরু হচ্ছে। ১৩ এপ্রিল থেকে ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে শিক্ষা বোর্ডগুলো। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের আগে টেস্ট পরীক্ষায় বসতে হচ্ছে না। তবে ফরম পূরণের পর প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। আগামী ১৯ মে থেকে স্কুলে-স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হওয়ার কথা আছে। আর ১৯ জুন থেকে এসএসসি পরীক্ষা শুরুর কথা আছে। ইতোমধ্যে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এবারের এসএসসির পরীক্ষায় চারটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে মূল্যায়নের ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে। যেসব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হবে তা হলো, ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিভাগভেদে বিভাজন হয়।

এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হবে সেগুলো হলো, বাংলা ১ম ও ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষিশিক্ষা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগভেদে এসব বিষয় বিভাজন হয়।

পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা। শুধু ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরে। বাকি ব্যবহারিক সম্বলিত বিষয়গুলোতে ৪৫ নম্বর ও ব্যবহারিক ছাড়া বিষয়গুলেতে ৫৫ নম্বরে পরীক্ষা হবে।

সম্প্রতি এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে ঢাকা বোর্ড। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২০২২ সালের এ পরীক্ষার মোট ২৫টি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র, গণিত, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল ও পরিবেশ, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, ক্যারিয়ার শিক্ষা, শরীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, আরবি, সংস্কৃত, পালি ও সংগীত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। তবে আইসিটি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিষ্টান ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.