নিউজ ডেস্ক।।
যৌন হয়রানি প্রতিরোধে দেশের প্রত্যেক আদালতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ১৫ দিনের মধ্যে কমিটি গঠন করে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেন।
২০০৮ সালের ৭ই আগস্ট কর্মস্থল, শিক্ষাঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। রিটের শুনানি শেষে ২০০৯ সালের ১৪ই মে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি- বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। সে রায়ের ১২ বছরের মাথায় এ কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি করা হয় বিচারপতি কৃষ্ণা দেবনাথকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি বিচারপতি কৃষ্ণা দেবনাথের উপস্থিতিতে অনুষ্ঠিত কমিটির ২য় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে শুধুমাত্র নিজ নিজ প্রতিষ্ঠানে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নিমিত্ত প্রত্যেক জজশিপ ও ম্যাজিস্ট্রেসিতে এ সংক্রান্ত কমিটি গঠনপূর্বক পত্র প্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
