এইমাত্র পাওয়া

শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে নতুন সিদ্ধান্ত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ভবিষ্যতে সরকারের অনুমতি ছাড়া কেউ ব্যক্তি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে না। আমাদের কোমলমতি শিশুদের অনিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিতে পারি না।

মঙ্গলবার সকালে রাজধানীর ইস্কাটনে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে মাঠ পর্যায়ে নির্বাচিত মাদরাসাসমূহের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রচুর দক্ষ শ্রমিক বিদেশে কাজ করে কিন্তু তাদের কোনো সার্টিফিকেট না থাকায় তারা অন্য দেশের শ্রমিকদের চেয়ে কম বেতন পান। সরকার এই বিষয়টি মাথায় রেখে সব দক্ষ শ্রমিকদের সার্টিফিকেট দেয়ার ব্যবস্থা করবে। যুব সমাজকে সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা দেয়া হবে। কারিগরি বোর্ডের মাধ্যমে এসব সার্টিফিকেট প্রদান করা হবে।

দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রতিটি মাদরাসাকে ভোকেশনাল সেন্টারে পরিণত করা হবে। এতে করে মাদরাসা শিক্ষার্থীরা বেকার থাকবে না। ২০২১ খ্রিষ্টাব্দের মধ্যে দেশের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানান মন্ত্রী।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব মাশুক মিয়া ও জাকির হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.