এইমাত্র পাওয়া

কমিটিবিহীন মাদ্রাসায় শিক্ষক নিয়োগ-যোগদানের জটিলতা নিরসন

নিউজ ডেস্ক।।

নিয়মিত কমিটিবিহীন বিভিন্ন মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশকৃত শিক্ষক নিয়োগ ও যোগদানের জটিলতা নিরসনে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

মঙ্গলবার (১ মার্চ) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপসচিব সুলতানা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি মাদ্রাসায় শিক্ষকদের নিয়োগ/এমপিওভুক্তির ক্ষেত্রে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো-

১. এডহক বা বিশেষ কমিটি/কমিটিবিহীন মাদ্রাসায় কিংবা মামলা বা অন্য কোনো কারণে যেসব মাদ্রাসায় কমিটি গঠনে জটিলতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগ/যোগদান পত্রে/এমপিওভুক্তির প্রস্তাবে জেলা সদরের মাদ্রাসার ক্ষেত্রে জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরের মাদ্রাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার প্রতিস্বাক্ষর করবেন।

২. পরবর্তীতে নিয়মিত কমিটি গঠিত হলে এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের অবশ্যই নিয়মিত কমিটি কর্তৃক ভূতাপেক্ষভাবে অনুমোদন করতে হবে।

৩. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিও সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.