এইমাত্র পাওয়া

ডিগ্রির চেয়ে কর্মদক্ষতা বেশি জরুরি- শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের ডিগ্রি নিয়ে বের হওয়ার চেয়ে বেশি জরুরি তারা কর্মদক্ষতা নিয়ে বের হচ্ছে কিনা। তারা লেখাপড়া শেষ করে আনন্দময় অভিজ্ঞতা নিয়ে বের হচ্ছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। গতকাল সোমবার অনলাইনে অনুষ্ঠিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) অধীন জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ১৮ ও ১৯তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মূল কাজ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের তৃষ্ণা জাগিয়ে তোলা। এটি খুব বেশি জরুরি।

কারণ এখন আর জ্ঞানের উৎস কেবলই শিক্ষক নন। আরও অনেক উৎস আছে। একজন শিক্ষকের ভূমিকা এখন বেশি গাইড হিসেবে। জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. মশিউর রহমান বলেন, দেশে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তারা যে নতুন জ্ঞান সৃষ্টি ও চর্চা করছে, সেটি তাদের মধ্যে জাগ্রত করতে হবে। জ্ঞান আহরণের পদ্ধতিটি তাদের শেখাতে হবে।

একসঙ্গে দুটি ব্যাচের ৮টি বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম গত ১ ফেব্রুয়ারি শুরু হয়। এই প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মোট ৪৬২ জন শিক্ষক অংশগ্রহণ করেন। ২৮ দিনব্যাপী চলা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণাকেন্দ্রের ডিন মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ আবদুস সালাম হাওলাদার, সিইডিপির প্রকল্প পরিচালক একেএম মুখলেছুর রহমান প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.