জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে একই বর্ষের অন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে। অভিযোগকারী শিক্ষার্থীর নাম সাকিবুল ইসলাম ফারাব্বি। তিনি পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র।
রোববার (২৭ ফেব্রুয়ারি) হামলার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর বরাবর অভিযোগ পত্র দায়ের করেন তিনি।
উক্ত হামলায় অভিযুক্তরা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের রবিন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মেহেদি সাফি ও মিশান শিকদার, মার্কেটিং বিভাগের শহীদুল ইসলাম রাসেল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আজিম সাকিব, পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল সাদ, ইংরেজি বিভাগের সালমান, সরকার ও রাজনীতি বিভাগের মৃন্ময় দাস ও হাসিবুল সহ আরও ৫০-৬০ জন। এরা সকলেই প্রথম বর্ষের শিক্ষার্থী।
অভিযোগপত্রে ফারাব্বি উল্লেখ্য করেন, ‘নির্ধারিত ল্যাব ক্লাস শেষে শহীদ মিনারের পাশ দিয়ে হলে ফেরার সময় অর্ধশতাধিক শিক্ষার্থী একজোট হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের দায়িত্বরত দুইজন কর্মকর্তা সজল ভাই ও রাসেল ভাই আমাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে পৌঁছিয়ে দেন। হলে আশার পর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে জাবি মেডিকেল সেন্টার ও পরে সাভার এনাম মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিই।’
এ ব্যাপারে অভুযুক্ত মিশান শিকদার ও মেহেদি সাফি কে ফোন করলে তারা জানান, এব্যাপারে তারা কিছু বলতে চায় না। বড় ভায়েরা কথা বলবেন। বড় ভাইয়েরা যা বলে তা-ই হবে বলে তারা উভয়ে ফোন কেটে দেন।
অভিযোগপত্রের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আমি সেসময় পরীক্ষার ডিউটিতে ছিলাম। আমাকে জানিয়ে অভিযোগপত্রটি অভিযোগকারী শিক্ষার্থী অফিসে জমা দিয়েছে। পরবর্তীতে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
