চোখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনার বিচার দাবিতে এবং আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চোখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানান শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড দেখা যায়।

এর আগে দিনের শুরুতে সকালে জাতীয় সংগীত গেয়ে আন্দোলন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে সংবাদ সম্মেলন ও শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, চারটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা না দেবেন ততক্ষণ আমরা নিরাপদ না। যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে পড়াশোনা করবো কিভাবে?

উল্লেখ্য, গত বুধবার রাতে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীকে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে স্থানীয় ৭-৮ জন। ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধকালে স্থানীয়রা হামলা চালায় আন্দোলনকারীদের ওপর। এতে আহত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.