এইমাত্র পাওয়া

সার্চ কমিটির বৈঠকে চুড়ান্ত হবে ১০ জনের নাম

অনলাইন ডেস্ক।।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত সার্চ কমিটি পঞ্চমবারের মতো বৈঠকে বসেছে আজ। শনিবার বেলা ১১টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বে সার্চ কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

১০ জনের নামের তালিকা করে রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার জন্য এ কমিটির হাতে সময় আছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য হাই কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনও উপস্থিত আছেন।

সাচিবিক দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন।

রাষ্ট্রপতি এই সার্চ কমিটি করে দেয়ার পর সদস্যরা এর আগে নিজেদের মধ্যে চার দফা বৈঠক করেছেন। আর বিশিষ্টজনদের নিয়ে বসেছেন তিন দফা।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এবং বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় সোয়া তিন শ’ নামের প্রস্তাবও পেয়েছে এ কমিটি, যা নিয়ে গত বুধবার সর্বশেষ বৈঠক হয়।

সার্চ কমিটির হাতে আশা ওই নামের তালিকায় অধিকাংশই অধ্যাপক, বিচারপতি, সাবেক সচিব, সাবেক সামরিক কর্মকর্তা। বাছাই করে সেই তালিকা ছোট করে আনা হয়েছে কি না জানতে চাইলে সামসুল আরেফিন বুধবার বলেছিলেন, ‘এ বিষয়ে আপাতত বলতে আমি ইচ্ছুক নই। শনিবার আবার কথা হবে।’

আইনে বলা হয়েছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে সার্চ কমিটি। আইনে বেঁধে দেয়া যোগ্যতা, অযোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও সুনাম বিবেচনা করে সিইসি পদের জন্য দুইজন এবং নির্বাচন কমিশনারের চারটি পদের জন্য আটজনের নাম তারা প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে।

সিইসি ও নির্বাচন কমিশনার পদে কাউকে সুপারিশের ক্ষেত্রে তার তিনটি যোগ্যতা থাকতে হবে। তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে; বয়স ন্যূনতম ৫০ বছর হতে হবে; কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত পদে বা পেশায় পদে অন্তত ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ওই তালিকা থেকে পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাদের অধিনে হবে পরবর্তী জাতীয় নির্বাচন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.