শাবিতে ভিসি পদত্যাগের আন্দোলন প্রত্যাহার

সিলেটেরশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে।

শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী আশ্বাস দেওয়ায় তাদের প্রতি পূর্ণআস্থা রেখে আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিয়েছেন এবং দাবি পূরণের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সংবাদ সম্মেলনে আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে মুহাইমিনুল বাশার রাজ এ কথা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আন্দোলনের সাব্বির আহমেদ, শাহরিয়ার আবেদীন, নাফিসা আনজুম, ইয়াছির সরকার, সুদীপ্ত ভাস্করসহ ৩০থেকে ৪০ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মোহাইমিনুল রাজ বলেন, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী আমাদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাদের প্রতি পূর্ণআস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং আমাদের দাবি পূরণের অপেক্ষায় থাকলাম।

আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও ক্লাস ও পরীক্ষা শুরু করার আহ্বান জানান তিনি।

রাজ বলেন, গতকাল শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর আমাদের আমন্ত্রণে শাবিপ্রবিতে এসেছিলেন। মন্ত্রীর সাথে আমাদের দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি আমাদের সকল দাবি আন্তরিকতার সাথে শুনেছেন এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। এজন্য আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

শিক্ষার্থীদের উপর মামলার বিষয়ে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে রাজ বলেন, মন্ত্রীকে এ বিষয়ে অবগত করা হলে, তিনি বলেন, শিক্ষার্থীদের উপর যে দুইটি মামলা হয়েছে সেটা অতিদ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করা হবে।

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মোবাইল সিম ও মোবাইল ব্যাংকিং বন্ধ থাকার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী ৩/৪ দিনের মধ্যে সকল নাম্বার ও মোবাইল ব্যাংকিং সচল করা হবে। পুলিশের স্প্রিন্টারে আহত সজল কুন্ডু’সহ অনশনকারী সকল শিক্ষার্থীর সুচিকিৎসা চলমান আছে এবং থাকবে। এছাড়া মন্ত্রী সজল কুন্ডু’র শারীরিক অবস্থা বিবেচনায় তার চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন।

 

 

 

রাজ বলেন, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর সাথে আমাদের ৬টি দাবি এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়ে কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়।

 

 

তিনি বলেন, আমাদের প্রথম দাবি ছিল ভিসির পদত্যাগ। মন্ত্রী এই বিষয়ে বলেছেন ভিসির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের কাছে উপস্থাপন করা হবে। আচার্য এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই আমরা আশা করছি মাননীয় আচার্য মহোদয় আমাদের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহনে আমাদের কথা বিবেচনায় রাখবেন সংবাদ সম্মেলনের শেষে মুহাইমিনুল বাশার রাজ বলেন, দেশ ও বিদেশে যেসব মানুষ আমাদের পাশে ছিল, যারা আমাদের জন্য দোয়া করেছেন, রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ দিতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

 

এছাড়া আন্দোলনের পুরোটা সময় জুড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য গণমাধ্যমের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.