এইমাত্র পাওয়া

নতুন শিক্ষাক্রম হবে ‘স্কিলবেজড শিক্ষা

নিউজ ডেস্ক।।

দীপু মনি বলেছেন, ‘নতুন শিক্ষাক্রম শিশু-কিশোরদের জন্য আনন্দময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রাইভেটে কিংবা কোচিং সেন্টারে পড়তে হবে না।’

শনিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ( এনসিটিবি) এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা শিশু-কিশোরদের জন্য পঠন-পাঠন আনন্দময় করতে চাই। পরীক্ষার চাপ যেন না থাকে। শিশুরা নিজেরাই শিখবে। আনন্দময় পরিবেশে তারা শিখবে, যে শিক্ষা তারা জীবনে কাজে লাগাতে পারবে।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘স্কিলবেজড শিক্ষা প্রয়োজন। শুধু কারিকুলাম পরিবর্তন করলে হবে না। তা বাস্তবায়নে সক্ষমতা তৈরি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গ্রামের শিশুদের সঙ্গে শহরের শিশুদের বৈষম্য যেন না থাকে, নতুন কারিকুলামে সেদিকে নজর দেওয়া হয়েছে।’

কর্মশালায় শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘শিক্ষাজীবন আনন্দময় করতে নতুন শিক্ষাক্রম প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নিজেদের মতো করে তথ্য বিশ্লেষণ করতে পারবে। মানুষের মস্তিষ্ক মুখস্থ করার জন্য নয়, তথ্য বিশ্লেষণ করার জন্য। নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা আর তথ্য মাথায় নিয়ে ঘুরবে না, তারা সেটি বিশ্লেষণ করতে সক্ষম হবে। নতুন সিস্টেমের কারণে কোচিং করার প্রবণতা হ্রাস পাবে।’

শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে খণ্ডে খণ্ডে শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছি। এক স্থান থেকে অন্য স্থানে উঠলে তারা গভীর সমুদ্রের মধ্যে পড়ে। জোর করে তাদের ওপর বিভিন্ন বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মুখস্থবিদ্যা থেকে বেরিয়ে আসতে নতুন কারিকুলাম বড় ভূমিকা রাখবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিটিবির চেয়ারম্যান (চলতি দায়িত্ব) অধ্যাপক মশিউজ্জামান বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক স্তরের যেসব স্কুলে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে, এ ধরনের ১১৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এনসিটিবির আওতায় সব শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। এজন্য কিছু শিক্ষককে মাস্টার ট্রেনার হিসেবে তৈরি করা হবে। তারা অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন।’

তিনি জানান, ২০২৩ সালের মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ শেষ না হলে এনসিটিবি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.