আসন্ন বাজেটে শিক্ষাখাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি

নিউজ ডেস্ক।।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আসন্ন বাজেটে (২০২২-২৩ অর্থবছরে) এ খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দসহ আট দফা দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। লিখিত বক্তব্যে তিনি আটটি দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো:

১. মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে একটি সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।

২. বিভিন্ন বোর্ড কর্তৃক যথাযথ নিয়মে এফিলিয়েশনপ্রাপ্ত সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি (স্বতন্ত্র এবতেদায়ি, অনার্স/মাস্টার্সসহ) প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. সরকারের স্বদিচ্ছা বাস্তবায়নের জন্য শিক্ষা প্রশাসন এবং মাদরাসা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন বোর্ড, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাউশিসহ বিভিন্ন অধিদপ্তর শিক্ষার সংশ্লিষ্ট বিভিন্ন দফতর থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৪. আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, অন্তর্বর্তীকালীন সময়ে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ করতে হবে।

৫. করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রণোদনা কিংবা বিশেষ বৃত্তি বা অনুদানের ব্যবস্থা গ্রহণ। সব শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ডিভাইস, খাতা কলমসহ অন্যান্য শিক্ষা সামগ্রী দেওয়া এবং মাধ্যমিক পর্যায়ে (স্কুল, মাদরাসা কারিগরি) শিক্ষার্থীদের দুপুরে সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা।

৬. শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা করতে হবে।

৭. অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের দুর্দশা লাঘবে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে।

৮. গভর্নিং বডি ও ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষাবান্ধব ব্যক্তিদের অন্তর্ভুক্ত এবং স্কুল পর্যায়ে নূন্যতম ডিগ্রি পাস ও কলেজ পর্যায়ে ন্যূনতম মাস্টার্স পাস স্বচ্ছ ইমেজ সম্পন্ন ব্যক্তিদের নিয়োগদান করতে হবে।

এ আট দাবি আদায়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান নাঈম, অধ্যক্ষ নাসির উদ্দিন বাবুল, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ কামরুজ্জামান, মো. হারুনুর রশিদ, জয়নাল আবেদিন জেহাদি, অধ্যক্ষ মো. নুর হোসাইন, মাওলানা নজরুল ইসলাম, এ কে এম মোকসেদুর রহমান, শাহদাৎ হোসেন খন্দকার, এ কে এম ওবাইদুল্লাহ, শান্ত রহমান, তাজুল ইসলাম ফরায়েজি, এম আরজু, মো. শাহজাহান খান, সিদ্দিকুর রহমান, আ. রউফসহ আরও অনকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.