নিউজ ডেস্ক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার ৩২৫টি পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই পদগুলোর মধ্যে ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটায় হওয়ায় বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক সংকট দূর করা সম্ভব হবে না বলে অভিমত সংশ্লিষ্টদের। এই অবস্থায় মহিলা কোটায় পুরুষ প্রার্থীদের নিয়োগ দিতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৫৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের কথা থাকলেও ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ শূন্যই রয়ে যায়। এই পদগুলো পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এনটিআরসিএ।
তবে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রায় অর্ধেক পদ মহিলা কোটার হওয়ায় বিষয়টি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এনটিআরসিএ বলছে, মহিলা কোটায় যে পদগুলো রয়েছে সেগুলো বিশেষ গণবিজ্ঞপ্তিতে পূরণ নাও হতে পারে। এই অবস্থায় ওই পদগুলো পুরুষ প্রার্থীর মাধ্যমে পূরণ করতে চায় তারা। তবে মহিলা কোটায় পুরুষ প্রার্থীদের সুপারিশ করা হলে এমপিও হবে না। এই অবস্থায় দোটানায় রয়েছে সংস্থাটি। এজন্য বিষয়টি সমাধানে তারা শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাইছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাইলে মহিলা কোটায় পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। বিষয়টি সম্পূর্ণ তাদের এখতিয়ার। এখানে আমাদের কিছু নেই।
প্রসঙ্গত, গত বছরের ৩০ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের বিপরীতে ৪ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। তবে ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে বাকি রেখে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।
এদের মধ্যে ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেয়া হয়েছে। আর ১৫ হাজার ৩২৫টি পদের বিপরীতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এনটিআরসিএ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
