সুইডেন বিদায় জানালো করোনা ভাইরাস

অনলাইন ডেস্ক।।

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিল সুইডেন। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে দেশটি নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে। কোভিড-১৯ এখন আর সামাজিকভাবে এবং সাধারণভাবে বিপজ্জনক কোনো রোগ হিসেবে বিবেচিত হবে না বলে জানিয়েছে সুইডেনের সরকার।

বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, ‘সুইডেন এখন খোলার সময় হয়েছে। সংক্রমণের বিস্তাররোধ করার জন্য ২০২০ সালের মার্চ মাসে প্রথমবারের মতো সুইডেনে বিধিনিষেধ চালু করা হয়েছিল। প্রায় দুই বছর পরে এখন নীতিগতভাবে সব বিধিনিষেধ সরানো হচ্ছে এবং ব্যাপক বিধিনিষেধ পুনরায় চালু করার সম্ভাবনা কম বলে মনে করছে সুইডেনের স্বাস্থ্য অধিদফতর।
ওমিক্রনের সম্পর্কে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, গুরুতরভাবে অসুস্থ মানুষের সংখ্যা বর্তমানে সুইডেনে স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং সমগ্র জনসংখ্যার মধ্যে টিকা দেওয়ার হারও বেড়েছে। সেজন্য আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

ম্যাগডালেনা অ্যান্ডারসন কোভিড-১৯ মহামারিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সুইডেন সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘মহামারি শেষ হয়নি। তবে আমরা এখন উজ্জ্বল সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সবাইকে কিছু ত্যাগ করতে হয়েছে। আমরা অনেকেই আমাদের ভালোবাসা হারিয়েছি। কিন্তু লাখ লাখ সুইডিশের ত্যাগের জন্য ধন্যবাদ, মানুষের জীবন রক্ষা করা হয়েছে। যারা বাড়িতে থেকেছেন, তাদের দূরত্ব বজায় রেখেছেন, ছুটির দিন নির্ধারণ করেছেন। ‘

প্রধানমন্ত্রী আরো বলেন, বেশ কিছু সুপারিশ থাকবে। প্রত্যেকেরই টিকা দেওয়া উচিত এবং যে কেউ অসুস্থ বা কোভিড-১৯-এর সন্দেহ আছে, তাদের অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এড়ানো উচিত। টিকা না দেওয়া ব্যক্তিদেরও বেশি জনসমাগম এবং জনাকীর্ণ পরিবেশ এড়াতে বলেন তিনি।

সূত্র : রয়টার্স, দ্য লোকাল


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.