এইমাত্র পাওয়া

বেরোবি শিক্ষক সমিতির সভাপতি শরিফুল সম্পাদক আজিম

নিউজ ডেস্ক।।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নীল দল ও অধিকার সুরক্ষা পরিষদ সমর্থিত যৌথ প্যানেল। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদের ১৪টিতেই জয়লাভ করেছে তারা। অন্যদিকে মাত্র একটি সদস্য পদ পেয়েছে প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল)।

সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের নিচতলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৫ জন শিক্ষক ভোট প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম নির্বাচন কমিশনার ছিলেন।

এদিকে নীল দল ও অধিকার সুরক্ষা পরিষদ সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি পদে সাব্বির আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে খন্দকার জাহাঙ্গীর আলম নীরব, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান খান নির্বাচিত হয়েছেন।

এ প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল আসাদ, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকী, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আশানুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল লতিফ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাকিউর রহমান, ড. সিফাত রুমানা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ।

অন্যদিকে প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেল থেকে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ উল হাসান সদস্য পদে নির্বাচিত হয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.