আইসিসির বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

নিউজ ডেস্ক।।

বিভিন্ন ক্যাটাগরিতে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন প্রকাশ করা হয়েছে, চলছে ভোট পর্ব। ২০ জানুয়ারি বিজয়ীদের নাম জানা যাবে। এর আগে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে এই একাদশে জায়গা দেওয়া হয়েছে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। একাদশে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটারের জায়গা হয়েছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারকে রাখা হয়নি।

পাকিস্তান থেকে জায়গা হয়েছে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির। অধিনায়ক করা হয়েছে দারুণ বছর কাটানো বাবরকে। ইংলান্ডের জস বাটলার থাকলেও উইকেটরক্ষক করা হয়েছে স্বপ্নের মতো বছর পার করা রিজওয়ানকে।

দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা হয়েছে এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরাইজ শামসির। অস্ট্রেলিয়ার দুজন ক্রিকেটার আছেন, তারা হলেন টি-টোয়েন্টির বিশ্বকাপের ফাইনাল জয়ের নায়ক মিচেল মার্শ ও জশ হ্যাজেলউড। বাকি তিন জন হলেন ইংল্যান্ডের জস বাটলার, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

গত বছর বল হাতে দারুণ সময় কেটেছে মুস্তাফিজের। বাংলাদেশের বাঁহাতি এই পেসার ২০ ম্যাচে ১৭.৩৯ গড় ও ৭.০০ ইকোনমিতে শিকার করেছেন ২৮ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের নাকানি-চোবানি খাইয়ে ছাড়েন মুস্তাফিজ। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে দারুণ সময় কাটে তার।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জস বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ও শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.